
অনলাইন ডেস্ক দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১০ হাজার ৩১২ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪ হাজার ১৯৯ জন।
কোন বিভাগে কত রোগী ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাতজনের মৃত্যু যেসব এলাকায়
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জমে থাকা পানি পরিষ্কার রাখার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে